বাংলিশ থেকে বাংলা
অনেকে বাংলা লেখেন ইংরেজি অক্ষরে: ami banglay kotha boli। উক্তি এটাকে বাংলা অক্ষরে বদলে দেয়: আমি বাংলায় কথা বলি।
কীভাবে
- বক্সে যেভাবে লেখেন সেভাবেই ইংরেজি অক্ষরে টাইপ করুন।
- উক্তির কন্ট্রোলের তীরে চেপে বাটনগুলো খুলুন, তারপর অ চাপুন। কিবোর্ডে Alt+Shift+1।
- বক্সের লেখা বাংলা হয়ে যাবে। পছন্দ না হলে ফেরত চাপুন, আগের লেখা ফিরে আসবে।
শুধু ইংরেজি অক্ষরের অংশগুলো বদলায়। বক্সে আগে থেকে বাংলা লেখা, সংখ্যা বা যতিচিহ্ন থাকলে সেগুলো যেমন আছে তেমনই থাকে।
পুরো কাজটা উক্তির ভেতরেই হয়, আপনার কম্পিউটারে। লেখা কোথাও পাঠানো হয় না, ইন্টারনেটও লাগে না।
কতটা ঠিক হয়
সত্যি কথা হলো, সবসময় নিখুঁত হয় না। রোমান অক্ষরে শ, ষ আর স আলাদা করা যায় না, থ আর ঠ, ন আর ণ, ি আর ী ও না। shomoy লিখলে সেটা সময় না শময়, অক্ষর দেখে বোঝার উপায় নেই।
উক্তি তিনভাবে এটা সামলায়:
- উচ্চারণের নিয়ম: অক্ষর ধরে ধরে বাংলায় বদলানো, যুক্তাক্ষর আর ং, ঙ এর নিয়মসহ (বাংলা, বাঙালি, সংখ্যা)।
- একটা অভিধান: যে শব্দগুলো নিয়মে প্রায়ই ভুল হয়, সেগুলোর ঠিক বানান।
- সাড়ে চার লাখ বাংলা শব্দের তালিকা: নিয়মে যা দাঁড়াল সেটা আসল কোনো বাংলা শব্দ কিনা মিলিয়ে দেখা, না হলে কাছাকাছি আসল শব্দটা খোঁজা।
মাপা হিসাবে: অভিধানে নেই এমন শব্দের প্রায় তিনটার মধ্যে দুইটা (৬৭.২%) প্রথম চেষ্টায় ঠিক হয়। রোজকার সাধারণ শব্দে হার এর চেয়ে বেশি।
ভুল হলে
যে শব্দ ভুল আসে, বক্সেই ঠিক করে দিন। নিজের তালিকায় সেটা যোগ করে রাখতে পারেন, তাহলে পরেরবার আপনার জন্য ঠিক লিখবে। দেখুন ভুল শব্দ শেখানো।
টাইপের ভুলও বাংলায় চলে আসে। onek এর জায়গায় onak লিখলে বাংলায় আসবে “অনাক”। উক্তি যা টাইপ করা হয়েছে তাই বদলায়, অনুমান করে বানান ঠিক করে না।