প্রায়ই যা জিজ্ঞেস করা হয়
উক্তি কি সত্যিই ফ্রি? লাভ কোথায়?
হ্যাঁ, পুরোপুরি ফ্রি, অ্যাকাউন্ট লাগে না, বিজ্ঞাপন নেই। চালাতে কোনো খরচ নেই, কারণ ভারী কাজগুলো Chrome এর নিজের: কথা চেনা Chrome এর Web Speech, আর অনুবাদ Chrome এর নিজের অনুবাদক। উক্তির কোনো সার্ভার নেই যার খরচ দিতে হবে। তাই টাকা নেওয়ার কারণ নেই, আর আপনার তথ্য দিয়ে খরচ তোলারও দরকার নেই।
ফোনে চলে?
না। উক্তি শুধু কম্পিউটারের Chrome এ চলে, ভার্সন ১৩৮ বা নতুন। Android এর Chrome এ এক্সটেনশন চলে না, আর অনুবাদের যে ব্যবস্থা উক্তি ব্যবহার করে সেটাও ফোনে নেই।
Edge, Brave বা অন্য ব্রাউজারে?
উক্তি বানানো আর পরীক্ষা করা হয়েছে শুধু Google Chrome এ। অন্য ব্রাউজারে চলতেও পারে, না-ও পারে, তার কোনো নিশ্চয়তা আমরা দিচ্ছি না।
উক্তি কি সবসময় শোনে?
না। শুধু আপনি মাইকে চাপার পর, যতক্ষণ বাটন লাল থাকে। থামালে, Esc চাপলে, ট্যাব বন্ধ করলে বা পেজ ছেড়ে গেলে শোনা বন্ধ হয়ে যায়।
আমার কথা কি কোথাও যায়?
মুখে বলা কথা যায় Google এর কাছে, কারণ Chrome এর কথা চেনা এভাবেই কাজ করে। Google সার্চে মাইক চাপলেও একই জিনিস হয়। অনুবাদ আর বাংলিশ থেকে বাংলা আপনার কম্পিউটারের বাইরে যায় না। উক্তির নিজের কোনো সার্ভার নেই, অ্যানালিটিক্স নেই। পুরোটা গোপনীয়তা নীতিতে।
Chrome কেন বলছে উক্তি “সব ওয়েবসাইটে আপনার সব ডেটা” পড়তে পারবে?
কারণ উক্তিকে যেকোনো সাইটের যেকোনো বক্সে মাইক আনতে হয়, আর তার জন্য এর একটা ছোট অংশকে সব পেজে থাকতে হয়। Chrome এই অনুমতিটাকে এই ভাষায় বর্ণনা করে। কথাটা সত্যি: Chrome এটুকু করতে দেয়। উক্তি আসলে পড়ে শুধু সেই বক্সের লেখা যেখানে আপনি বলছেন বা এর কোনো বাটনে চাপছেন, পাসওয়ার্ডের ঘর চেনার জন্য বক্সের ধরন, আর সাইটের নাম। আর যা পড়ে তা কোথাও পাঠায় না। সব জায়গায় কাজ করার দাম এটাই।
ইন্টারনেট ছাড়া চলে?
মুখে বলা চলে না, কারণ কথা চেনা হয় Google এর সার্ভারে। বাংলিশ থেকে বাংলা আর ইংরেজি অনুবাদ চলে।
কতটা নির্ভুল?
কথা চেনা Google এর, আর সাধারণ পরিষ্কার কথায় বেশ ভালো। চুপচাপ ঘরে, আর নিজের উচ্চারণ মিলিয়ে নিলে (বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ) আরও ভালো হয়। বাংলিশ থেকে বাংলা নিখুঁত না: অভিধানে নেই এমন শব্দের মোটামুটি তিনটার মধ্যে দুইটা ঠিক হয়। যে শব্দ বারবার ভুল আসে, সেটা শিখিয়ে দিন।
আমার বানানো শব্দের তালিকা অন্য কম্পিউটারে নেব কীভাবে?
শব্দের পেজ থেকে ফাইলে রাখুন, তারপর অন্য কম্পিউটারে ফাইল থেকে আনুন। দেখুন ভুল শব্দ শেখানো।
উক্তি সরাব কীভাবে?
Chrome এ chrome://extensions খুলুন, উক্তির নিচে Remove চাপুন। উক্তির রাখা সব কিছু, সেটিং আর শব্দের তালিকাসহ, Chrome মুছে দেয়। তালিকাটা রাখতে চাইলে আগে ফাইলে রেখে দিন।
কে বানিয়েছে? কোড দেখা যায়?
বানিয়েছেন মোঃ রাশেদুল ইসলাম। পরিচিতি দেখুন। উক্তি ওপেন সোর্স, MIT লাইসেন্সে, পুরো কোড GitHub এ।