মুখে বলে লেখা
তিন ধাপ
- যেকোনো ওয়েবসাইটের যেকোনো লেখার বক্সে ক্লিক করুন: চ্যাট, ইমেইল, সার্চ, ফর্ম, বা AI এর প্রম্পট।
- বক্সের পাশে উক্তির ছোট কন্ট্রোল আসবে। মাইকে চাপুন। বাটন লাল হবে, মানে উক্তি এখন শুনছে।
- বাংলায় বলুন। যা বলছেন তা বাংলা অক্ষরে বক্সে বসে যাবে, কার্সর যেখানে ছিল সেখানে। থামাতে মাইকে আবার চাপুন, অথবা Esc।
কিবোর্ডে Ctrl+Shift+Space চেপেও শুরু আর বন্ধ করা যায়।
কন্ট্রোলটা
শুরুতে কন্ট্রোলে থাকে শুধু একটা মাইক আর একটা তীর। তীরে চাপলে বাকি বাটনগুলো একটা বাঁকা সারিতে খুলে যায়, পর্দার যে কিনারা কাছে সেদিকে হেলে:
- অ: টাইপ করা বাংলিশ বাংলা করে। দেখুন বাংলিশ থেকে বাংলা।
- EN: বক্সের লেখা ইংরেজি করে। দেখুন ইংরেজিতে অনুবাদ।
- ফেরত: উক্তির শেষ বদলটা ফিরিয়ে আনে।
- সরানোর হাতল: কন্ট্রোলটা টেনে অন্য জায়গায় রাখার জন্য।
কন্ট্রোলটা পেজের নিজস্ব ডিজাইন থেকে আলাদা করে রাখা, তাই কোনো সাইটের রং বা ফন্ট এটাকে বদলাতে পারে না, আর এটাও সাইটের কিছু বদলায় না।
বলার সময় যা দেখবেন
বলার সময় বক্সের ওপরে একটা ছোট প্রিভিউ খোলে। যে শব্দগুলো এখনো শোনা হচ্ছে সেগুলো উজ্জ্বল, যেগুলো পাকা হয়ে গেছে সেগুলো একটু হালকা। একটা বাক্য শেষ হলে সেটা বক্সে চলে যায়। মাইকের চারপাশের রিং আপনার গলার সাথে নড়ে। ইন্টারনেট চলে গেলে রিং কমলা হয়, কোনো ভুল হলে লাল।
আউটপুট: বাংলা না ইংরেজি
টুলবারে উক্তির আইকনে চাপলে আউটপুট অংশে বেছে নিতে পারেন কথা কোন ভাষায় বসবে। English বাছলে আপনি বাংলায় বলবেন, আর বক্সে বসবে তার ইংরেজি অনুবাদ। এর জন্য ভাষা প্যাক লাগে।
আরও কিছু সেটিং
টুলবারের আইকন থেকে শব্দ অংশে, আচরণ এর নিচে:
- বাড়তি শব্দ বাদ দাও (শুরু থেকেই চালু): কথার মাঝে “ইয়ে”, বারবার “মানে মানে”, বাক্যের শেষে “আর কি” বা “বুঝলা” এর মতো শব্দ বাদ দেয়।
- বলা শেষে পাঠিয়ে দাও (শুরুতে বন্ধ): একটা বাক্য বসার পর মাইক থামিয়ে মেসেজটা পাঠিয়ে দেয়, যেন আপনি এন্টার চেপেছেন। চ্যাটে কাজে লাগে।
- শুরু আর থামার শব্দ (শুরুতে বন্ধ): মাইক চালু আর বন্ধ হলে একটা নরম শব্দ।
যেসব ঘরে উক্তি আসে না
পাসওয়ার্ড, ওয়ান-টাইম কোড (OTP), পিন, কার্ডের নম্বর, কার্ডের সিকিউরিটি কোড, আর ডট দিয়ে ঢাকা ঘরে উক্তির কন্ট্রোল আসে না, আর বলা শুরুও হয় না। সাইট ঘরগুলো কীভাবে চিহ্নিত করেছে তা দেখে উক্তি এগুলো চেনে।
এটা একটা সীমাও। কোনো সাইট যদি পাসওয়ার্ডের ঘরকে সাধারণ লেখার ঘর হিসেবে বানায়, কোনো চিহ্ন ছাড়া, তাহলে উক্তি সেটা চিনতে পারবে না। এমন ঘরে মাইক চাপবেন না।
আপনার কথা কোথায় যায়
মাইকের বাটন যতক্ষণ লাল, ততক্ষণ মাইক্রোফোন যা শোনে, থামাগুলো সহ, Chrome তা Google এর কথা চেনার সার্ভিসে পাঠায়। বাটন লাল না থাকলে উক্তি কিছুই শোনে না। কোনো কথা Google কে শোনাতে না চাইলে সেটা টাইপ করুন। পুরোটা গোপনীয়তা নীতিতে।