ইংরেজিতে অনুবাদ
কিছু জায়গায় ইংরেজি লাগে: অফিসের ইমেইল, কোনো ফর্ম, বা এমন কারো সাথে চ্যাট যিনি বাংলা পড়েন না। উক্তি দুইভাবে এটা করতে পারে।
বক্সের লেখা ইংরেজি করা
- বক্সে বাংলা লেখা থাকুক, বলে লেখা বা টাইপ করা।
- উক্তির কন্ট্রোলে EN চাপুন। কিবোর্ডে Alt+Shift+2।
- পুরো লেখাটা ইংরেজি হয়ে যাবে। আগের বাংলা ফিরে পেতে ফেরত চাপুন।
বক্সে বাংলিশ থাকলে আগে অ চেপে বাংলা করে নিন, তারপর EN। EN এর পর অ চাপলে আবার অনুবাদ হয় না, আপনার নিজের লেখা বাংলাটাই ফিরে আসে।
বাংলায় বলে ইংরেজিতে লেখা
টুলবারে উক্তির আইকনে চেপে আউটপুট অংশে English বাছুন। এরপর মাইকে বাংলায় বললে বক্সে বসবে তার ইংরেজি অনুবাদ, বাক্য ধরে ধরে।
অনুবাদ কোথায় হয়
অনুবাদ করে Chrome এর নিজস্ব অনুবাদক (Translator API), আপনার কম্পিউটারেই। লেখা কোথাও যায় না। এর জন্য Chrome 138 বা নতুন ভার্সন, আর দুইটা ভাষা প্যাক লাগে, যা সেটআপের সময় একবার নামাতে হয়।
প্যাক না থাকলে উক্তি সেটা জানিয়ে দেয় আর সেটআপ খুলতে বলে। অনলাইনের কোনো অনুবাদ সার্ভিসে চলে যায় না। ইংরেজি আউটপুট বাছা থাকলে তখন বাংলাটাই বসায়, যাতে আপনার কথা হারিয়ে না যায়।
অনুবাদের মান
এটা যন্ত্রের অনুবাদ। সাধারণ কথায় ভালো, কিন্তু জটিল বাক্য, বাগধারা বা নিজস্ব শব্দে ভুল করতে পারে। আর বাংলা লেখায় বানান ভুল থাকলে অনুবাদও ভুল হবে, যেমন বাংলিশ থেকে আসা কোনো ভুল শব্দ। জরুরি কিছু পাঠানোর আগে একবার পড়ে নিন।